নিনটেনডো-কে কোটি ডলার ক্ষতিপূরণ দেবে হ্যাকার

৯ ডিসেম্বর, ২০২১ ০৫:৪৮  
পাইরেসি মামলায় অভিযুক্ত হ্যাকারের কাছ থেকে ১ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ পেতে যাচ্ছে গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। “জেনে-শুনে” সাইবার অপরাধে জড়িত হওয়ার অভিযোগ স্বীকার করে জরিমানার এই অর্থ পরিশোধে সম্মত হয়েছে হ্যাকার গ্যারি বাওজার। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক থাকা কানাডিয়ান বাওজার জরিমানার টাকা পরিশোধে সম্মত হয়েছে। তবে হ্যাকার ক্ষতপূরণ দিতে সম্মত হলেও এ প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি নিনটেনডো। বিবিসি’র খবরে বলা হয়েছে, মার্কিন আদালতে গ্যারি বাওজারের বিরুদ্ধে নিনটেনডো’র করা পাইরেসি মামলায় অক্টোবর মাসেই আদালতে নিজের দোষ স্বীকার করে নেন গ্যারি বাওজার। ওই সময়েই ৪৫ লাখ ডলারের জরিমানা আর ১০ বছরের কারাদণ্ডের ঝুঁকিতে ছিলেন তিনি। বিবিসি আরো জানিয়েছে, হ্যাকিংয়ের সময় বাওজার ‘টিম এক্সিকিউটর’ নামের একটি পাইরেসি দলের সদস্য ছিলেন। ওইসময় যে কনসোলগুলো হ্যাক করেছিলেন, তার মধ্যে ছিলো নিনটেনডো সুইচ এবং থ্রিডিএস কনসোল। গেমের পাইরেটেড সংষ্করণ খেলার জন্য গেইমিং কনসোলের নিরাপত্তা ব্যবস্থা পাশ কাটাতে সক্ষম সফটওয়্যার বানিয়ে সেটি অন্যদের কাছে বিক্রিও করেছেন বাওজার। নিনটেনডোর করা মামলায়‘টিম এক্সিকিউটর’ সদস্য বাওজারকে আটক করে ২০২০ সালের সেপ্টেম্বরে মার্কিন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় ডমিনিকান রিপাবলিকের কর্তৃপক্ষ। মজার বিষয় হচ্ছে, নিনটেনডো’র সবচেয়ে জনপ্রিয় খলচরিত্রগুলোর একটি ‘বাওজার’-এর সঙ্গে নামের আংশিক মিল থাকায়, পুরো বিষয়টি ‘ভাগ্যের উপহাস’ হিসেবে হাস্যরসের যোগান দিচ্ছে সংশ্লিষ্টদের।